পানি সম্পদ প্রতিমন্ত্রী
নদী ভাঙন রোধে ১৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদীভাঙনে রোধে ৫টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার ব্যয় প্রায় ১৫০০ কোটি টাকা। এই প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করি ইনশাল্লাহ আগামীতে বর্ষা মৌসুমে নদীভাঙ্গন নিয়ে আর উদ্বিগ্ন থাকতে হবে না।
রোববার (১৭ মে) দুপুর ৩টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরুরিয়া গ্রামে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একটি মানুষের এক একটি ঘর ও এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামী বর্ষার পর তা বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, মানিকগঞ্জ জেলায় প্রায় ৩৭টি খাল খাল পুনখনন করা হবে। প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেছিলেন সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খাল খনন করবো। আমরা বর্ষা মৌসুমীর পরবর্তীতেই সেই খাল খননকাজ শুরু করবো। এর পাশাপাশি আমরা বৈদেশিক সাহায্য নিয়ে আরও কিছু প্রকল্প হাতে নিয়েছি। টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে নিয়ে প্রায় ২৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। সেই প্রকল্পের কাগজ মন্ত্রণালয় পৌঁছে গেছে। আমরা অনুমোদন দিয়েই সেটা আমরা বাস্তবায়ন করা শুরু করবো।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রায়হান দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. সজল আলী/এমএন/এমএস