ইমামের মোটরসাইকেল নিয়ে নিজের বাইসাইকেল রেখে গেলো চোর
নীলফামারীর সৈয়দপুরে একটি মসজিদের ইমামের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর। মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার আগে একই স্থানে রেখে যাওয়া হয়েছে পুরোনো একটি বাইসাইকেল।
সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মসজিদটির ইমাম আবদুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ পড়াতে তিনি মোটরসাইকেলে করে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, নির্ধারিত স্থানে তার ব্যবহৃত ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো বাইসাইকেল। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, বাইসাইকেলটি এলাকার কারও নয়।
মুসল্লি আরিফুল হক বলেন, ‘চোর সম্ভবত নিজের বাইসাইকেলটি রেখে হুজুরের মোটরসাইকেলটি নিয়ে গেছে।’
মোটরসাইকেল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন আবদুর রাজ্জাক। তিনি সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি দেখা গেছে। তাকে দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমিরুল হক/এসআর/এএসএম