হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যানজট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪১ এএম, ২০ মে ২০২৬

অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে যানবাহনের ধীরগতিতে জনভোগান্তি তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টার পর মহাসড়কের দড়িকান্দি এলাকায় বিক্ষোভ দেখা গেছে।

জানা গেছে, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল করাকে কেন্দ্র করে মো. মোমিন (৪৫) নামের এক রিকশাচালককে শাহীন (৪০) নামের আরেকজন বেধড়ক মারধর করেন। সেদিন শাহীনের হাতে মারধরের শিকার হয়ে মো. মোমিন গুরুতর আহত হন। পরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যানজট

এই মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেন। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মো.আকাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।