১৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা : গুলিবিদ্ধ ১


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ৩১ জুলাই ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি সিএনজি পাম্পের অফিস সহকারীর কাছ থেকে ১৮ লাখ টাকা লুট করার চেষ্টা করেছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এতে অফিস সহকারী আশরাফুল আলম (৫৪) গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সকালে উপজেলার মৌচাক এলাকার নর্থ বেঙ্গল সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আশরাফুল আলম সিরাজগঞ্জের কাজীপুরের নাটোয়াপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে। তিনি মৌচাক এলাকার নর্থ-বেঙ্গল সিএনজি পাম্পের অফিস সহকারী হিসেবে কাজ করেন।  

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মৌচাক নর্থ বেঙ্গল সিএনজি স্টেশনের অফিস সহকারী আশরাফুল সকাল সাড়ে ১০টার দিকে পাম্প থেকে ১৮ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। গাড়িতে উঠার সময় ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু টাকার ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হন তারা। এ সময় আশরাফুলের পায়ে দুটি গুলি করে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে এক রাউন্ড গুলির খোঁসা উদ্ধার করেন।

কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
                        
মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।