গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:২০ এএম, ০৩ আগস্ট ২০১৬

গাজীপুরে স্টার জলসা দেখা নিয়ে ছুরিকাঘাতে স্বামী হত্যার দায়ে স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদীর মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে সোহরাব হোসেনের স্ত্রী।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, সোহরাব-রীপা দম্পতি গাজীপুর সিটি কর্পোরেশনের তেলীপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিল। বাসায় ফিরে স্বামী সোহরাব রীপাকে স্টার জলসা দেখতে নিষেধ করেন। এ নিয়ে দু`জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রীপা সোহরাবকে ছুরিকাঘাত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এআরএম আল মামুন তদন্ত শেষে রীপার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে বুধবার দুপুরে আদালত রীপার বিরুদ্ধে রায় দেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।