টোকিও প্লাজার আগুনে নিয়ন্ত্রণে : পুড়ে গেছে শিশু পার্ক


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১০ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় টোকিও প্লাজা-২ এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে নির্মাণাধীন শিশুদের থিম পার্ক পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘টোকিও প্লাজা-২’ নামের ভবনটি ১৬ তলা বিশিষ্ট। এর নিচতলা থেকে চারতলা পর্যন্ত সুতা, হোসিয়ারি ও থান কাপড়ের দোকান রয়েছে। আর পঞ্চম তলায় নির্মিত হচ্ছিল শিশুদের একটি থিম পার্ক। ষষ্ঠ তলা থেকে উপরে রয়েছে আবাসিক বাসা।

বিকেল সাড়ে ৫টায় ভবনের পঞ্চম তলার ওই থিম পার্কে আগুনের সূত্রপাত। সেখানে প্রচুর পরিমাণ কাঠ ও কাঠের বোর্ড থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্ল্যাট বাসায় থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হুড়োহুড়ি করে অনেকে ভবনের ছাদে ও নিচে নেমে আসে।

টোকিও প্লাজাসংশ্লিষ্ট প্রকৌশলী জসিমউদ্দিন জানান, পঞ্চম তলায় শিশুদের জন্য নির্মাণাধীন একটি ‘থিম পার্ক’র কাজ চলছিল। সেখানে আপাতত বিদ্যুৎ বা গ্যাসের কোনো সংযোগ ছিল না। সেখানে নির্মাণের জন্য কাঠ ও প্লাইবোর্ড ছিল। আমাদের প্রাথমিক ধারণা, কোনো শ্রমিক সিগারেটের আগুন ফেলায় হয়তো সেখান থেকে আগুনের সূত্রপাত।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দিন মনি শর্মা জানান, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত নিরূপণের চেষ্টা চলছে।
 
শাহাদাত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।