অভিনব কায়দায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা লুট


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৭ আগস্ট ২০১৬

কুমিল্লায় অভিনব কায়দায় ব্যাংক থেকে মায়া বেগম নামে এক গ্রাহকের পৌনে এক লাখ টাকা লুট করে নিয়েছে প্রতারক চক্র।
 
বুধবার দুপুরে নগরীর রামঘাট এলাকার ইসলামী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, নগরীর কাঁটাবিল এলাকার মৃত এসহাক সর্দারের স্ত্রী মায়া বেগম (৫৫) তার মেয়েকে নিয়ে বুধবার দুপুরে টাকা তুলতে নগরীর রামঘাট এলাকার ইসলামী ব্যাংক শাখায় যান। পরে ওই ব্যাংক থেকে ৯৯ হাজার ৪০০ টাকা উত্তোলন করেন।

এ সময় প্রতারক চক্রের এক সদস্য কৌশলে ওই নারী গ্রাহকের কাছ থেকে ছেড়া-ফাটা নোট পরিবর্তনের কথা বলে ৭৭ হাজার টাকা লুটে নিয়ে যায়।
 
এ বিষয়ে মায়া বেগম বলেন, উদ্দীপন নামে একটি সমিতি ঋণ হিসেবে আমাকে এক লাখ টাকার চেক দেয়। গত রোববার ওই চেকটি ব্যাংকে জমা দিই। বুধবার দুপুরে ওই ব্যাংকে গিয়ে কাউন্টার থেকে টাকা উত্তোলনের পর টাকাগুলো গুণছিলাম। এ সময় টুপি, পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত একজন বয়স্ক লোক এসে ছেড়া-ফাটা নোট পরিবর্তন করে দেয়ার কথা বলে ৭৭ হাজার টাকা নিয়ে দ্রুত ব্যাংক থেকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক ব্যাংকের ম্যানেজারকে জানাই।
 
ব্যাংক ব্যবস্থাপক আবু নোমান মো. ছিদ্দিকুর রহমান জানান, ওই গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার বিষয়টি সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয়েছে।
 
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গ্রাহক অভিযোগ করলে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।