যশোরে নাতিকে পুড়িয়ে হত্যার অভিযোগে দাদী আটক


প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

যশোরে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় আগুনে নিহত শিশুর সৎ মাও দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর হামড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আল ফাতিম (দেড় বছর) ওই এলাকার আল আমিনের ছেলে। এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে শিশু আল ফাতিমের দাদী মনোয়ারা বেগম মনুকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আল ফাতিম তার সৎ মা সীমার (৩০) ঘরে ঘুমিয়ে ছিল। ভোররাতে ওই ঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দগ্ধ অবস্থায় সীমাকে উদ্ধার করে। তবে এর আগেই আগুনে পুড়ে মারা যায় শিশু ফাতিম।

স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ওই ঘরের ভেতরে তোষক, কাঁথা ও বালিশ এবং সীমার শাড়ি পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের একটি খালি পাত্র উদ্ধার করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে এ হত্যাকাণ্ড ঘটনাে হয়েছে।

এ ধারণার ভিত্তিতেই স্থানীয় লোকজন শুক্রবার সকালে আল ফাতিমের দাদী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর দগ্ধ সীমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।