টঙ্গীতে কারখানায় আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ফয়েল ও কেমিক্যাল দ্রব্য প্রস্তুতকারী কারখানায় বয়লার বিস্ফোরণে ২১ জন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি দুটি গঠন করা হয়।
এ ঘটনায় প্রথমে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গাজীপুর জেলা পরিষদে এ তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর দিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বদিউজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ফায়ার সার্ভিসের পরিচালক প্রশাসন আনিস মাহমুদ এ তদন্ত কমিটি গঠন করে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে ট্যাম্পাকো নামে ওই ফয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।
আমিনুল ইসলাম/বিএ/এমএস