টঙ্গীর ঘটনার সঠিক তদন্ত চান ড. কামাল হোসেন


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গীতে বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সঠিক তদন্ত চেয়েছেন গণফেরামের সভাপতি ড. কামাল হোসেন। রোববার দুপুরে টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকা পরিদর্শনে গিয়ে ড. কামাল হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, তদন্তে আমরাও ভূমিকা রাখবো। আমরা প্রশ্ন করব, জেরা করে আসল জিনিসটা বের করার চেষ্টা করবো। এজন্য কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। মিল মালিকের বক্তব্য নিতে হবে, যারা বয়লার ইন্সপেক্টর তাদের বক্তব্য নিতে হবে, যারা কাছে থেকে দেখেছে তাদের (শ্রমিকদের) বক্তব্য নিতে হবে।  

তিনি আরো বলেন, পত্র-পত্রিকায় টঙ্গীর এ ঘটনা নিয়ে বিভিন্ন কথা উঠেছে। একজন শ্রমিক বলেছে যে কারখানার বয়লার বিস্ফোরণ হয়েছে আবার বয়লার ইন্সপেক্টর বলেছেন গ্যাস পাইপের লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। তাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা তদন্ত করছে আমি মনে করি অগ্নিকাণ্ড ও ভবন ধসের পর যারা আহত ও বেঁচে আছে তাদের কাছ থেকেও তথ্য নিতে হবে।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি মো. গোলাম কাদের, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভপতি শামীমা নাসরীন উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেন এর আগে ঘটনাস্থলের পাশে স্থাপিত জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে নিখোঁজ শ্রমিকদের তালিকা ও তাদের স্বজনদের খোঁজ-খবর নেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।