নারায়ণগঞ্জে এবার ভুয়া ট্রাফিক সার্জেন্ট গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে ভুয়া এএসপির পর এবার মো. রুবেল (৫০) নামে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুয়া পুলিশ অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা করে চলছে এসব প্রতারকচক্র। এদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার দুপুরে শহরের চাষাঢ়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। প্রতারক মো. রুবেল সিদ্ধিরগঞ্জ থানার এসিআই পানির কল রোড এলাকার ফজলুর রহমানের ছেলে।

এসময় তার সঙ্গে থাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভুয়া স্লিপ, যশোর থানা, চাঁদপুর, রাজবাড়ী থানার ভুয়া স্লিপ ও ৬টি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।

এরআগে সোমবার দুপুরে ফতুল্লায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে ভুয়া এএসপি মাকসুদুর রহমানকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। সে ফতুল্লার দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) একেএম শরফুদ্দীন জানান, প্রতিদিনের মতো দুপুরে চাষাঢ়া মোড়ে একটি প্রাইভেট কারের কাগজপত্র দেখাতে চাইলে ওই চালক সবই ভুয়া কাগজপত্র দেখায়। পরে তার কাছ থেকে গাড়ির ভুয়া কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে মো. রুবেলর বিষয়ে জানান।

পরে পুলিশের একটি টিম ওই চালকের দেয়া তথ্য অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।