মেয়ে হওয়ায় শিশুটিকে রেখে গেছে বাবা মা!


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২১ অক্টোবর ২০১৬

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে একটি নবজাতক শিশুকে (মেয়ে) উদ্ধার হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের আব্দুল ওদুদের বাড়ির সিঁড়ির নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। স্থানীয়দের সেবায় নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, বাগআঁচড়া গ্রামের বাসিন্দা আহসান হাবিব ওই সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পান আব্দুল ওদুদের বাড়ির সিঁড়ির নিচে একটি নবজাতক কাঁদছে।

এ সময় তিনি আশপাশে খোঁজ করে নবজাতকটির কোনো অভিভাবক না পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখেন।

বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াজ কবীর বকুল জানান, ধারণা করা হচ্ছে মেয়ে হওয়ায় নবজাতকটিকে তার স্বজনরা ফেলে রেখে গেছে।

নবজাতকটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত আহসান হাবিবের কাছে থাকবে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।