বেনাপোলে সাংবাদিকের বাড়িতে হামলা, লুটপাট
যশোরের বেনাপোলে রুবেল হোসেন নামে এক সাংবাদিকের সম্পতি জোর পূর্বক দখলের উদ্দেশ্যে পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সাংবাদিক রুবেল বেনাপোল বন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় পোর্ট থানায় অভিযোগ দায়ের ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক রুবেল জানান, তার পরিবারের সঙ্গে জমি নিয়ে পূর্ব শত্রুতা ছিল প্রতিবেশী বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া হরিনাপোতা গ্রামের ছাবদার আলীর ছেলে ইসরাফিলের। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও জোর পূর্বক তারা জমি দখলের জন্য বিভিন্নভাবে তাদের হুমকি দিয়ে আসছিল।
শুক্রবার রাতে রুবেলের বাবা মোশারেফ হোসেন বাজার থেকে বাড়ি ফেরার পথে জমি লিখে দেওয়ার জন্য হুমকি দেয় ইসরাফিল। এসময় তার বাবার সঙ্গে ইসরাফিলের তর্কবিতর্ক হয়। এর জের ধরে শনিবার রাতে ইসরাফিলের নেতৃত্বে একই গ্রামের শামসুর মুনসির ছেলে শহিদুল ও হাফিজুর, পুটে মোড়লের ছেলে আইয়ুব হোসেন, শহিদুলের ছেলে শাহিনসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে রুবেলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির গ্রিল ও আসবাব পত্র ভাঙচুর করে এক লাখ দশ হাজার টাকা নিয়ে যায় তারা। বিষয়টি তিনি রাতেই পুলিশকে জানান।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক ও নুর আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ওই সাংবাদিকের বাড়িতে গিয়েছিল। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
জামাল হোসেন/এফএ/আরআইপি