স্ত্রী নির্যাতন : এসআই’র বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১০ মার্চ ২০১৫
প্রতীকী ছবি

বরিশাল নগরীতে কিশোরী স্ত্রীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত কাউনিয়া থানার এসআই ওয়ারেছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা আইন শৃংখলা রক্ষা কমিটি।

স্কুলছাত্রীকে বিয়ে করে দীর্ঘদিন ঘরে আটকে রেখে পুলিশ কর্মকর্তার নির্যাতনের বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশিত হয়।

প্রকাশিত খবরের সূত্র ধরে মঙ্গলবার সকালে এ নিয়ে জেলা আইন-শৃংখলা রক্ষা কমিটির মাসিক সভায় সমালোচিত হয়।

এসআই ওয়ারেছের স্কুলছাত্রী বিয়ে এবং নির্যাতনের ঘটনা গোটা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতে পারে আশংকা করে অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের তাগিদ দেন আইন-শৃংখলা রক্ষা কমিটির সদস্যরা।

এসময় সভার সভাপতি জেলা প্রশাসক মো. শহীদুল আলম নগর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে অভিযুক্ত এসআই ওয়ারেছের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কিশোরী স্ত্রী হাবিবা আক্তার মারুফাকে তিন মাস আটকে রেখে নির্যাতন চালানোর পর গত ৫ মার্চ বরিশাল নগরীর কাউনিয়া এলাকার চৌধুরী সড়কে এসআই ওয়ারেছের ভাড়া বাসা থেকে মারুফাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

উদ্ধারের পর তাকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

এ ঘটনার পর অভিযুক্ত এসআই ওয়ারেছকে কাউনিয়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।