চট্টগ্রামে কামারুজ্জামানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত
চট্টগ্রামে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর প্যারেড ময়দানে আছরের নামাজের পর এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। র্যাব-বিজিবির কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত এ জানাযায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাযায় ইমামতি করেন বায়তুশ শরীফ আদর্শ কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।
জানাযা পূর্ব সমাবেশে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘ইসলামের দুশমনরা এদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করতে চায়। ইসলামকে নির্মুল করার জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্বকে খতম করতে চায়।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করা যাবে না। যুগে যুগে যারাই ইসলামের জন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অধ্যাপক শামসুজ্জামান হেলালী, মাওলানা মোহাম্মদ লিয়াকত সিদ্দিকি, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নুরুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা এম এ হাশেম রাজু, সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, নগরীর চকবাজার থানা জামায়াতের আমির মোরশেদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের সভাপতি নুরুল আমিন ও দক্ষিণের সভাপতিসহ ২০দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
একে/আরআই