কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির ছেলে ইয়াবাসহ আটক


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৮ এপ্রিল ২০১৭

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ইয়াবার চালান নিয়ে বিজিবির হাতে এবার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির ছেলে ধরা পড়েছেন।

সোমবার রাতে ১৪ হাজার ৯০০ পিস ইয়াবার চালান ও মোটরসাইকেলসহ সাইফুল ইসলামকে (২২) আটক করে বিজিবি। আটক সাইফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সৈয়দ হোসেনের ছেলে।

অভিযানকালে সাইফুলের মামা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীদের তালিকাভুক্ত সদস্য শিলবনিয়া পাড়া এলাকার জিয়াবূল হাসানের ছেলে মোহাম্মদ হাসান পালিয়ে যান। টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবি সূত্র এসব তথ্য জানিয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খাঁন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাপাচারকারীসহ মামলার লিখিত কপি দিয়েছে বিজিবি। সেখানে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসাযী হাসান পালিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সাইফুলের বাবা সৈয়দ হোসেন সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি।

এ বিষয়ে সদর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সৈয়দ হোসেন বলেন, আমার ছেলে সাইফুল ইয়াবা পাচারে জড়িত নয়। মূলত জব্দ করা ইয়াবাসহ মোটরসাইকেলের মালিক হাসান। সাইফুল তার সঙ্গে থাকায় তাকেও ধরা হয়েছে।

সাইফুল এবার এইচএসসি পরীক্ষার্থী উল্লেখ করে তিনি আরও বলেন, গত বছর এক বিষয়ে ফেল করা বিষয়ের পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।