বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
‘সাংবদিকতা বিকশিত হোক’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০ টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, ঢাকা ট্রিবিউন এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি আনিসুর রহমান খান স্বপন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি হুমায়ুন কবীর, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, একাত্তর টেলিভিশন প্রতিনিধি বিধান সরকার প্রমুখ।
বক্তারা বলেন, তথ্য সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, মামলা-হামলার শিকার হচ্ছে। এ সব ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন তারা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তাছাড়া সারাদেশে সাংবাদিকদের উপর দমন নিপীড়ন বন্ধ ও স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তার দাবী জানান বক্তারা।
সাইফ আমীন/এসএস/পিআর