আগৈলঝাড়ার যুবকের গোপালপুরে মৃত্যু


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৪ মে ২০১৫

বরিশালের আগৈলঝাড়ার এক যুবকের গোপালপুর বাজারে রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম গিয়াস উদ্দিন তালুকদার (২৭)।

জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের জলিরপাড় গ্রামের মৃত শফিজ উদ্দিন তালুকদারের ছেলে গিয়াস উদ্দিন তালুকদার। তিনি জীবিকার তাগিদে শ্রমিকের কাজ করতেন পাশ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনী উপজেলার গোপালপুর বাজারে আলী ঘরামীর `রকিব` বেকারিতে। বেকারি মালিক আলী ঘরামীর জানান, প্রতিদিনের মতো কাজ করে গিয়াস গত শনিবার রাতে অন্যান্য কর্মীদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে গিয়াস বেকারিতে (ফ্যাক্টরিতে) অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে সকাল ৬টায় কালকিনি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। হাসপাতালের কর্ত্যব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

গিয়াসের পরিবারের সদস্যরা জনান, তার মৃত্যু খবরটি রোববার বেলা ৯টার দিকে আমাদেরকে জানানো হয়েছে। তাদের অভিযোগ গিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.আব্দুল কুদ্দুস আলী সিকদার জাগো নিউজকে বলেন, গিয়াসের মৃত্যু সন্দেহজনক হওয়ায় জাফর সরদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে মাদারিপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে, মরদেহ মর্গে নেয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই আসল রহস্য জানা যাবে।

মো.সাইফুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।