গোপালগঞ্জে স্কুলছাত্র জিসান হত্যার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৭ মে ২০১৫

গোপালগঞ্জ এসএম মডেল গভঃ হাইস্কুলের মেধাবী ছাত্র আশিক ইসলাম জিসান হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে সহপাঠীরা। রোববার সকাল পৌনে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এসএম মডেল গভঃ হাইস্কুলের প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল, এক্স মডেল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় চেীধুরী পপা, উদীচী গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপী, নিহত জিসানের পিতা আজাহার মুন্সি প্রমুখ।

সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

উল্লে­খ্য, গত ১৩ মে রাতে জিসান ঢাকার ধানমণ্ডি লেকের গোল চত্ত্বরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখানে তার মৃত্যু হয়।

এসএম হুমায়ূন কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।