বরিশালে আ.লীগের দু`পক্ষের সংঘর্ষে আহত ৩০
দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির পদে দু`প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে সম্মেলনের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় সম্মেলনের কার্যক্রম আবার শুরু হয়। রোববার বেলা দেড়টার দিকে ইউনিয়নের সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, হারুন, মিঠুন তালুকদার, লাবলু, কবির তালুকদার, হারুন অর রশিদ, শানু হোসেন, রুবেল, খবির, মামুন হাওলাদার, নুরুল হক, রাজিব, গোলাম ফারুক, আজাদ, ইউনুস মিয়াসহ ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলনে ভোটভুটির মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে মানতে নারাজ সভাপতি প্রার্থী সুলতান হোসেন মাস্টার ও তার সমর্থকরা। কিন্তু ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনে রাজী ছিলেন অপর প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার। এ নিয়ে সভাপতি পদের দু’প্রার্থীর অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতাণ্ডা হয়। এর একপর্যায়ে চেয়ার ছোঁড়াছুড়ি, লাঠিসোটা এবং লোহার রড নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হন। এ সময় পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে শান্ত করে।
সভাপতি প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার জানান, সুলতান মাস্টার নির্বাচন না চেয়ে সিলেকশনের মধ্য দিয়ে সভাপতি হতে চেয়েছিলেন। এ সময় তার বহিরাগত সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা চালায়। অপর প্রার্থী সুলতান হোসেন অভিযোগ করে বলেন, মামুনের লোকজন তার অনুসারীদের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, আওয়ামী লীগ বড় দল। এ ক্ষেত্রে পদ পদবী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। তবে শায়েস্তাবাদের সম্মেলনে উত্তেজনা হলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পরিস্থিতি শান্ত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪০ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে রুবেল হোসেন মামুন শায়েস্তবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
সাইফ আমীন/এআরএ/আরআই