খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলে ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৮ জুন ২০১৫

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছেন। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

একই দাবিতে ১০ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শহীদ হাদিস পার্কে অনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া ১৪ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, ধর্মঘটের কারণে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর, দৌলতপুর, আলীম, ইর্স্টান জুট মিল, যশোরের জেআই ও কার্পেটিং জুট মিলে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. সোহরাব হোসেন জানান, শতভাগ উৎপাদন বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীরা ধর্মঘট পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শ্রমিকরা জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলের বিষয়ে সরকার অর্থনৈতিক সহায়তাসহ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তার মনিটরিং না থাকায় পাট ও পাটশিল্প বর্তমানে গভীর সঙ্কটে পড়েছে। শ্রমিক-কর্মচারীরা সময়মত তাদের পাওনা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনকি তারা চাকরি হারানোর ঝুঁকিতেও রয়েছেন।

তারা আরো জানান, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, আর কোনো রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হবে না। কিন্তু এ ঘোষণা উপেক্ষা করে খুলনার আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছে।

সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও কামনা করে পাটকল শ্রমিকরা বলেন, দেশের প্রায় তিন কোটি মানুষের জীবন-জীবিকার উৎস রাষ্ট্রায়ত্ত পাটকল। তাই এসব পাটকল রক্ষার বিকল্প নেই। খুলনা অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মেশিন ও যন্ত্রপাতি দীর্ঘ দিনের পুরাতন ও অকেজো। এগুলো যুগের চাহিদা অনুযায়ী আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাট ও পাটশিল্পের সুরক্ষায় এবং পরিবেশ বাঁচাতে ২০০২ সালে পলিথিন ব্যাগের কাঁচামাল আমাদানি নিষিদ্ধে আইন করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হচ্ছে না।

অবিলম্বে দেশের অভ্যন্তরে পাটজাত পণ্য ব্যবহার করতে ম্যান্ডেটরি প্যাকেজিং আইন-২০১০ বাস্তবায়নের দাবিও জানান তারা।

আলমগীর হান্নান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।