পাটকল শ্রমিকদের ধর্মঘট শেষ, অনশন কাল


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০৯ জুন ২০১৫

উৎপাদন বন্ধ রেখে ৫ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ধর্মঘট মঙ্গলবার ভোর ৬ টায় শেষ হয়েছে। তবে দাবি আদায়ে আগামীকাল বুধবার অনশন কর্মসূচি পালন করবে তারা। এর আগে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করে পাটকল শ্রমিকরা।

এদিকে, মাসাধিকাল ধরে আলিম জুট মিলের উৎপাদন বন্ধ থাকলেও একই দাবির পাশাপাশি মিলটি কথিত মালিকের হাত থেকে রক্ষার দাবিতে ওই মিলের শ্রমিকদের পৃথক কর্মসূচিও চলছে।

জানা গেছে, ধর্মঘট ছাড়াও রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকা ১৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনার শহীদ হাদিস পার্কে ও ঢাকা-চট্রগ্রাম-রাজশাহী-নরসিংদী এলাকার স্ব স্ব মিল গেটে অনশনের কর্মসূচি রয়েছে।

এছাড়া ১৪ জুন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত খুলনা, ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী অঞ্চলে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিকরা।

পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পাট পণ্যের দেশীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ করার জন্য প্রণীত আইন ২০০২ ও ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ অবিলম্বে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠনসহ ৫ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের এ কর্মসূচি চলছে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।