রমজানে খুলনায় চারভাগে নিরাপত্তা দেবে পুলিশ
সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা রক্ষায় জনসাধারণের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
সভায় জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন রমজানে খুলনায় নিরাপত্তা নিশ্চিত করতে এ সময়কে চারটি ভাগে ভাগ করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১২ জুন থেকে এটি কার্যকর হয়েছে। এসময় সারা রাত দোকানপাট খোলা থাকার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হবে। বিভিন্ন দোকানে ও মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।
পরিবহন সেক্টর, লোক সমাগমের স্থানসমূহ এবং রাস্তাঘাটে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে পুলিশ বিভাগের পাশাপাশি বিভাগীয় কমিশনার এর সহযোগিতায় ব্যবস্থা নেয়া হবে। বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সহযোগিতা দেবে বলে বড় বড় মার্কেট ও ব্যাংকগুলোতে চিঠি দেয়া হয়েছে। এছাড়া মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ সর্তক রয়েছে।
বিভাগীয় কমিশনার বিদ্যুতের অপচয় রোধ এবং সময়মত বিদ্যুৎ বিল পরিশোধে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। ইসলামী ফাউন্ডেশনের যাকাত ফান্ডে আরো তহবিল বৃদ্ধির লক্ষ্যে সবাইকে যাকাতের অর্থ ফান্ডে প্রদানের অনুরোধ জানানো হয়। ফায়ার সার্ভিসকে রমজানে ইফতার ও সেহরিতে সাইরেন বাজনো নিশ্চিত করতে বলা হয়।
সেই সাথে পঁচাবাসী খাবারসহ ভেজালযুক্ত তেল এবং খাবারে রঙের ব্যবহার রোধ করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখারকথা বলেন। সেহরি, ইফতার এবং আযানের সময় বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে সংশিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়। এছাড়া বর্ষা মৌসুমে উপজেলা এবং ইউনিয়নের রাস্তাগুলোর গর্ত ভরাটসহ সংস্কারে জরুরি ব্যবস্থা নিতে এলজিইডিকে অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, কলাতে কার্বাইডের ব্যবহার বন্ধে বিভিন্ন জেলায় উৎপাদক ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। অচিরেই এ বিষয়ে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং ভোক্তা অধিকার রক্ষায় উপজেলাগুলোতেও সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
আলমগীর হান্নান/এসএস/আরআইপি