সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৬ জুন ২০১৫

পুলিশি হয়রানি ও বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংশ্লিষ্ট তিন সংগঠন’র সমন্বয়ে গড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটি।

অনির্দিষ্টকালের এ ধর্মঘট মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ঘণ্টা পালিত হয়।  সন্ধ্যায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, শ্রমিক সংগঠনের প্রদান দাবি ও সমস্যা ছিল নতুন টোল আদায়।  সেই টোল রমজান মাস পর্যন্ত আগের নির্ধারণ করা হারে কর আদায় করা হবে।  শ্রমিক সংগঠনের নেতারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, পুলিশি হয়রানির বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখা হবে বলে তাদেরকে আশ্বস্থ করা হয়েছে।

তিনি বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকে পুলিশ সুপার নূরে আলম মিনা ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, প্রশাসন আমাদের সকল দাবি মেনে নিয়েছে। আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি। দাবি না মানলে ধর্মঘট অব্যাহত থাকত।

পরিবহন সংগঠন সূত্র জানায়, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করে। সম্মিলিতভাবে জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটি’র ব্যানারে এ আন্দোলন চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন।

ছামির মাহমুদ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।