চট্টগ্রামে চলছে জামায়াতের নিরুত্তাপ হরতাল


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১৭ জুন ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জামায়াতের ডাকা হরতাল চলছে।  বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল অনেকটা নিরুত্তাপভাবেই চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  নগরীর যান চলাচল স্বাভাবিক রয়েছে।  জামায়াত শিবিরের পিকেটারদেও কোথাও দেখা যায়নি।

হরতালে নাশকতা মোকাবেলায় নগরী ও জেলার উপজেলাগুলোতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  সব জায়গায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

২৮ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ জাগো নিউজকে জানান, হরতালের মধ্যে বুধবার ভোর থেকে নগরীতে ৪ প্লাটুন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে।  হরতালে হাটহাজারী ও বাঁশখালী উপজেলায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে।

অন্যান্য উপজেলার জন্য তিন প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত আছে। এছাড়া যে কোন উপজেলায় তাৎক্ষণিক সংঘাতের সৃষ্টি হলে মোতায়েনের জন্য কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) প্রস্তুত আছে বলে মেজর তানভির জানান।

এদিকে হরতালে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নগরীর কমপক্ষে ৮০টি স্পটে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জাগো নিউজকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।  সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। প্রায় আঠারোশ পুলিশ এসব স্পটে মোতায়েন রয়েছে।

মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের রায় বহাল রাখার প্রতিবাদে জামায়াত বুধবার সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।