জামায়াতের নিরুত্তাপ হরতালে সিলেটে যান চলাচল স্বাভাবিক
সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার কারণে রাজপথে নামতেই পারেনি জামায়াত-শিবির কর্মীরা। এর ফলে কোনো ধরনের উত্তাপ ছাড়াই সিলেটে চলছে জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল।
বুধবার সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত নগরের প্রধান প্রধান সড়কগুলোতে ঘুরে দেখা গেছে, অবাধে যানবাহন চলাচল করছে। হরতালের প্রভাব পড়েনি ব্যবসা প্রতিষ্ঠানেও। প্রায় সবগুলো মার্কেট ও বিপনী বিতান খোলা রেখেছেন ব্যবসায়ীরা। তাই নগরে হরতালের কেনো ছাপ পড়েনি।
বুধবার সকাল ৬টায় থেকে পৌনে ১০টা পর্যন্ত হরতাল সমর্থনে নগরীর কোথাও কোনো ধরনের মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জামায়াতের হরতালে দূরপালার যান চলাচল না করলেও অভ্যন্তরীণ যান চলাচল ছিলো স্বাভাবিক।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের অপিল বিভাগ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে মঙ্গলবার দলটির পক্ষ থেকে ২৪ ঘণ্টার এই হরতাল আহ্বান করা হয়। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।
ছামির মাহমুদ/এআরএ/আরআই