বরিশালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে পুলিশ কর্মকর্তরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, রাজবাড়ি সদর উপজেলার আকতার হোসেন (২৭) ও সুমন শেখ (৩৫), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগ (৩০), ঝালকাঠি জেলা শহরের ডালিম (৩২) এবং বরিশাল সদর উপজেলার দুলাল মৃধা (৩৫)।
বিমান বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মতিয়ার রহমান জানান, সাবেক চেয়ারম্যান ফজলু মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ মেহগনি বাগান ঘিরে ফেলে। এসময় কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।
সাইফ আমীন/এসএস/আরআইপি