‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একযোগে কাজ করতে হবে’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মাঝে প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে সরকার। শুরুতে ভিত্তিটা মজবুত করে দিতে পারলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে উঠবে শিশুরা।
তিনি বলেন, পিছিয়ে পড়া রোধে সব সেক্টরে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় দূরদর্শিতার উদ্ভব ঘটিয়ে নিজেকে তৈরি করতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রুমালিয়ারছরা পিটি স্কুল এলাকায় ১০তলা বিশিষ্ট আধুনিক লিডারশিপ ট্রেনিং সেন্টার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন গণশিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সব সেক্টরে উন্নতি হয়েছে এবং হচ্ছে। এর সুফলও পাচ্ছে জনগণ। এসব বিষয় সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রাথমিক বিদ্যালয়ই একজন শিশুকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করণের মূল জায়গা। তাই প্রাথমিক বিদ্যালয়কে জনগণের অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে হবে। এর দায়িত্ব নিতে হবে প্রধান শিক্ষক থেকে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে।
গণশিক্ষামন্ত্রী আরও বলেন, কক্সবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজারের গুরুত্ব জাতীয়ভাবে আরও বাড়বে। চলমান উন্নয়ন ধরে রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচলাক ড.আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফউজ্জামান, অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আজম।
জেলা সহকারী শিক্ষা অফিসার ইকরাম উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, পরিচালক উন্নয়ন এনামুল কাদের খান, পরিচালক (অর্থ) মহেশচন্দ্র রায়, পরিচালক (মনিটরিং ও উন্নয়ন) বিজয় ভূষন পাল, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক সোলতান মিয়া, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নুরুল আলম চৌধুরীসহ উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এএম/আইআই