মহেশখালীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭
ছবি-প্রতীকী

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী স্টেশনে ট্রাকচাপায় সুমাইয়া জন্নাত দিয়া (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী উত্তর নলবিলা এলাকার নুরুল আবছারের মেয়ে ও চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালিয়াতলী বালুমহাল থেকে বালু বোঝাই করে যাওয়ার পথে একটি ডাম্পার স্টেশনে অবস্থানরত সুমাইয়া জন্নাত দিয়াকে ধাক্কা দেয়। এতে পড়ে গেলে ফের পিছনে এসে ডাম্পারটি আহত দিয়াকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ইনচার্জ এসআই শাওনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে যায়।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই শাওন জানান, নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ডাম্পারটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় ডাম্পারের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।