টেকনাফে দালালসহ ৬ মালয়েশিয়াগামী যাত্রী আটক
শীত মৌসুম শুরু হতে না হতেই সীমান্তের মানবপাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে এক দালাল ও রোহিঙ্গাসহ ৬ যাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে সন্ধ্যায় তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মো. ইসমাইলের ছেলে দালাল নুরুল আমিন ওরফে নুর আলম (৪০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত ইউছুপ আলী ছেলে আলী হোসেন (৪৫), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তাইগা কাটা গ্রামের মৃত ফকির আহমদের ছেলে মো. ছৈয়দ হোসেন(৩৯), একই এলাকার উজির আলীর ছেলে মো. আলম (১৬), মিয়ানমার মংডুর বাঘগুনা গ্রামের মো. হোছনের ছেলে মো. হারুন মিয়া (২০) ও একই গ্রামের মো. আবু তাহেরের ছেলে জিয়াউল হক(১৯)।
দুই রোহিঙ্গা বর্তমানে কুতুপালং অনবন্ধিত রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের বাসিন্দা। টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ উপকূলে একটি বাড়ি থেকে তাদের আটক করে।
অভিযান পরিচালনাকারী বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, টেকনাফের বাহারছড়া উপকূলের সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর জন্য কয়েকজনকে জড়ো করার খবর পেয়ে দালাল নুরুল আমিন ওরফে নুর আলমের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ মালয়েশিয়াযাত্রীকে আটক করা হয়। এ ঘটনায় বাড়ির মালিকেও আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই রোহিঙ্গাসহ সুমদ্র পথে মালয়েশিয়া যেতে প্রস্তুতি নেয়া ৫ যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় এক দালালকেও আটক করা হয়। এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদেরকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস