কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পর্যটক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

কক্সবাজার শহরের বাহারছড়া জাম্বুর দোকানের পশ্চিমে গোল চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পর্যটক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে নেয়া হয়। বেলা ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।

নিহত আবু তাহের সাগর (১৯) ফেনী জেলার সোনাগাজি উপজেলার মালেকাগান্ধি এলাকার শফিউল্লাহর ছেলে।

নিহতের চাচাত ভাই নুরুদ্দীন সজীব জানান, বৃহস্পতিবার তারা ৩ জন কক্সবাজার ভ্রমণে এসে ঝাউতলার ঝাউবিথি নামের একটি আবাসিক হোটেলে উঠেন। শুক্রবার সকালে সমুদ্র সৈকত থেকে কক্সবাজার শহরে আসার সময় ওই এলাকায় ছিনতাইকারীদল তাদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। তা প্রতিহত করতে চাইলে সাগরকে ছুরিকাঘাত করে মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান পণ্য সামগ্রী নিয়ে তারা পালিয়ে যায়। আহত সাগরকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ জনতার সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, ছিনতাই না মাদক সংক্রান্ত কারণে যুবকটি ছুরিকাঘাতে খুন হলো তার রহস্য জানা যায়নি। তবে খুনিদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাগরের সঙ্গে থাকা দু’বন্ধু নুরুন নবী ও নুরুদ্দিন সজীবকে থানায় আনা হয়েছে।

সায়ীদ আলমগী/এফএ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।