কক্সবাজারে শতবর্ষী হাতির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জাধীন বাইশারী বিটের সংরক্ষিত বনাঞ্চলে শতবর্ষী একটি মাদি হাতির মৃত্যু হয়েছে। ঈদগড়-বাইশারী সড়কের হাজিপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় হাতিটির মরদেহটি পায় বনকর্মীরা।

শনিবার সকালে নিয়মিত টহলে বের হয়ে মরদেহটি পাওয়া গেলেও কখন হাতিটির মৃত্যু হয়েছে এটি নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্টরা।

বাইশারী বিটের বন কর্মকর্তা মিলন কান্তি মন্ডল জানান, বনকর্মীরা প্রতিদিন সকালে নিয়মিত টহলে বের হন। শনিবার সকাল ৯টার দিকে তিনিসহ টহলে বের হয়ে হাজিরপাড়ার পাহাড়ি এলাকায় গেলে একটি মাদি হাতিকে পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় এটি মৃত।

বিষয়টি ঈদগড় রেঞ্জ কর্মকর্তাকে জানানো হলে তিনি ঊর্ধ্বতন মহলে খবর দেন। পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডা. এ বি এম মোস্তাফিজুর রহমানকে ঘটনাস্থলে আনা হয়। সঙ্গে আসেন কক্সবাজার উত্তর বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ময়নাতদন্ত শেষে বিকেলে সেখানেই মরদেহটি মাটিচাপা দেয়া হয়েছে।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ভেটেরেনারি সার্জন মরদেহটি পরীক্ষা করে প্রাথমিক ধারণায় বলেছেন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে হাতিটি মারা গেছে। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন না থাকায় এমনটি ধারণা করা হচ্ছে। অবয়ব দেখে হাতিটির বয়স শতবছর পার হয়েছে বলে উল্লেখ করে চিকিৎসক বলেছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মারা যাওয়ার মূল কারণ জানা যাবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।