রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে ১০ পরিবারকে গৃহবন্দি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলাচলের রাস্তার ওপর পাকা দেয়াল দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১০ পরিবারকে বন্ধিদশায় ফেলেছে একটি প্রভাবশালী পরিবার।

এমনই অভিযোগ পাওয়া গেছে উপজেলা সদর গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। অভিযোগ করায় উল্টো বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১১ ফুট উঁচুতে পাকা দেয়াল নির্মাণ করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, রূপগঞ্জ গ্রামের মাসুদ রেজা মাসুম, হাবিবুল্লাহ, করিম, আফজাল, গফুর, সাইদুরসহ ১০টি পরিবারের চলাচলের জন্য ডেমরা কালীগঞ্জ সড়ক থেকে পাকা রাস্তা আবুল হোসেনের বাড়ি হয়ে মজিবুরের বাড়ি পর্যন্ত রয়েছে।

রাস্তাটি দিয়ে পরিবারগুলো দীর্ঘ ২০ বছর ধরে চলাচল করে আসছে। কিন্তু রাস্তাটির জমি ব্যক্তিগত দাবি করে প্রতিবেশী আনোয়ারা ও বাছেদ সীমানাপ্রাচীর দিয়ে ওই পরিবারগুলোকে আটকে দেয়।

এতে বন্ধিদশায় পড়ে ভুক্তভোগী পরিবারের নারী, শিশু ও বৃদ্ধরা। শিক্ষার্থীরাও একটি ঝুঁকিপূর্ণ পুকুরপাড় বেয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এতেও কোনো ফল হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার জন্য পাঠানো হয়েছে। রাস্তা খুলে না দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলীম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।