বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাইয়ের দাঁত ভাঙলো বখাটে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোনকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় বড় ভাই রাব্বিকে মারধর করে হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দিয়েছে বখাটেরা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাব্বি উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চনখা পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
আহত রাব্বি মিয়ার জানান, কয়েকদিন ধরে একই এলাকার বিএম টেক্সটাইলের কর্মচারী রাজু ও শামীম তার বোনকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
বিষয়টি তার বোন রাব্বি মিয়াকে জানায়। বুধবার সকালে কুপ্রস্তাবের বিষয়টি রাজু ও শামীমকে জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে রাব্বি মিয়াকে হত্যা করবে বলে হুমকি দেয়।
এ নিয়ে শামীম, রাজু ও রাব্বি মিয়া সঙ্গে তর্কবিতর্ক হয়। এর জের ধরে কাঞ্চন বাজার দিয়ে যাওয়ার সময় রাজু, শামীম, হানিফ, সেলিম, কাউসারসহ অজ্ঞাত ১৪/১৫ জন অস্ত্র নিয়ে রাব্বি মিয়াকে পিটিয়ে আহত করে।
একপর্যায়ে রাব্বি মিয়াকে বিএম টেক্সটাইলের ভেতরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে সামনের দুইটি দাঁত ভেঙে দেয় বখাটেরা। পরে স্থানীয়রা রাব্বি মিয়াকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মীর আব্দুল আলীম/এএম/পিআর