যশোরে হঠাৎ ইজিবাইক বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই প্রশাসনের নামে মাইকিং করে যশোর শহরে ইজিবাইক ও অটোরিকসা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গত তিন ধরে এ অবস্থা চলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অবশ্য জেলা প্রশাসক বলছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। একই কথা বলেছেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুও।
এ দিকে বোরবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ইজিবাইক ও অটোরিকসা চালকরা। সকালে থেকে শহরের বিভিন্নস্থান থেকে চালকরা কালেক্টরেট চত্বরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় চালকরা জানান, পৌরসভা থেকে লাইসেন্স দেয়ার পরও হঠাৎ করে ইজিবাইক চলাচল বন্ধ করা দুর্ভাগ্যজনক। অবিলম্বে ইজিবাইক চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, গত ৫ জুলাই প্রশাসনের নামে শহরে মাইকিং করে সব ধরনের ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকসা চলাচল বন্ধের নির্দেশ জারি করা হয়। এতে অন্তহীন দুর্ভোগে পড়েন শহরে চলাচলকারীরা।
পথচারী শিরিন সুলতানা বলেন, ইজিবাইক অটোরিকসা বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। ২০ টাকার ভাড়া ৬০ টাকা দিয়েছি রিকসা চালককে। এভাবে চললে তো সাধারণ মানুষের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়বে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের নয়। সোমবার সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হবে। এতে ইজিবাইক ও অটোরিকসা চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
মিলন রহমান/আরএ/পিআর