বিলের পানিতে ফেলে স্ত্রী হত্যা : স্বামীসহ আটক ৫
গাজীপুরে স্ত্রীকে মারধর করে বিলের পানিতে ফেলে হত্যা করেছে স্বামী ও তার সহযোগীরা। বুধবার সকালে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের তিতারকুল এলাকার বিল থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ ।
নিহত গৃহবধূর নাম বিউটি আক্তার (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর থানার উত্তরতলা গ্রামের আব্দুল মজিদ আকন্দের মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের জোলারপাড় গ্রামের আইনদ্দিনের ছেলে সেলিম মিয়ার স্ত্রী।
আটকরা হলেন, নিহতের স্বামী সেলিম মিয়া (২৮), গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার আবুল খায়েরের ছেলে মামুন সিদ্দিকী (২৮), লক্ষ্মীপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে রুবেল (২৮), পূর্ব ভুরুলিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. শাকিল (১৪) ও নারায়ণগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকার সোহরাব হোসেনের ছেলে লিটন মিয়া (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী সেলিম মিয়া ও শাকিল স্থানীয় জয়দেবপুর বাজারের উৎসব বস্ত্রালয়ের কর্মচারী। মঙ্গলবার শাকিল তিতারকুল বাজার ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে। পরে ওই দিন বিকালে সেলিম মিয়া, তার স্ত্রী ও অন্য সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ঘুরতে যায়।
ফেরার পথে রাত ১১টার দিকে তিতারকুল বাজার ঘাটের অদূরে স্ত্রীকে মারধর করে বিলের পানিতে ফেলে দেয় তারা। এ সময় মাঝি শাহ আলম টের পেয়ে মোবাইল ফোনে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে লোকজন এগিয়ে এসে ওই পাঁচজনকে আটক করে জয়দেবপুর থানা পুলিশে সোপর্দ করে।
এদিকে মঙ্গলবার রাত থেকেই ওই বিলে নিহতের মরদেহ খোঁজা শুরু হয়। এক পর্যায়ে বুধবার সকালে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর