মোবাইলের জন্য যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে সজিব (২৭) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গণধোলাইয়ের শিকার হয়ে মারা যান ওই যুবক। এ সময় মামুন (২৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে ফতুল্লার মাসদাইরস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। নিহত সজিবের নাম-ঠিকানা পাওয়া না গেলেও আহত মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মামুন মিয়া বলেন, শনিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনে কিছু লোকজন মোবাইল চুরির অভিযোগে সজিব ও মামুনকে গণধোলাই দেয়। এতে সজিব ও মামুন গুরুতর আহত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়ার পর সজিব মারা যায়। আর মামুনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মামুন মিয়া আরও বলেন, আসলে মোবাইল ছিনতাইয়ের ঘটনা নিয়ে তাদের গণধোলাই দেয়া হয়েছিল কিনা তার সঠিক তথ্য জানতে তদন্ত করা হচ্ছে। মৃত সজিবের নাম-পরিচয়সহ তার পরিবারের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। সজিব ও মামুন আসলে ছিনতাইকারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সজিবের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস