মুরগি নিয়ে বিবাদ, ইটের আঘাতে প্রাণ গেলো মাদরাসাছাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২০ জুন ২০২২
মাদরাসাছাত্রী আয়েশা আক্তার

কুমিল্লার তিতাসে মুরগি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর ইটের আঘাতে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদরাসাছাত্রী আয়েশা মোহনপুর গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে। সে স্থানীয় মোহনপুর দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (২০ জুন) বিকেলে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুরগি আসা-যাওয়াকে কেন্দ্র করে নিহত আয়েশা ও তার মা পারভীনের সঙ্গে প্রতিবেশী আজিজের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এসময় আজিজ ঘটনাস্থলে ছুটে এসে ইট ছুঁড়ে মারলে আয়েশা মাথায় আঘাত পায়। এতে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আয়েশা মারা যায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।