বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো কাউন্সিলর হচ্ছেন মনির


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০৪ মে ২০১৬

টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো নির্বাচিত হচ্ছেন। এ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়তে তিনিসহ ৪ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। কিন্তু মঙ্গলবার অপর তিন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় এ ওয়ার্ডে এখন তিনিই একমাত্র প্রার্থী।

তিনি গত পৌর নিবার্চনে এ ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়ে প্যানেল মেয়র-২ নিবার্চিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার ওয়ার্ড়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সোহেল রানা ও সাবেক পৌর কাউন্সিলর মো. ইউছুফ। তাদের মাঝে ইউছুফ শারীরিক অসুস্থ থাকায় স্বেচ্ছায় আব্দুল্লাহ মনিরকে সমর্থন জানিয়ে গত ৩ মে উপজেলা নিবার্চন অফিসে অঙ্গীকারনামা দিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ খবর পেয়ে অপর দু’প্রার্থীও দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় উক্ত ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

Monir

পুনরায় নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মনির বলেন, এলাকার লোকজনের ভালবাসার প্রতিদান দেয়ার ক্ষমতা তার নেই।

আবদুল্লাহ মনির অনলাইন নিউজ পোর্টাল নিউজ টেকনাফ ডটকম এর সম্পাদক, আমাদের সময় ও কক্সবাজারে দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় টেকনাফে কর্মরত সকল সাংবাদিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ২৫ মে টেকনাফ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।