৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। রোববার বিশ্ব ব্যাংক এক সংবাদ বিবৃতিতে একথা জানিয়েছে।

সংবাদ বিবৃতিতে বলা হয়, ৬ বছরের গ্রেস পিরিয়ড়সহ ৩৮ বছরে পরিশোধ যোগ্য এই ঋণের সার্ভিস চার্জ হবে দশমিক ৭৫ শতাংশ।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রধান জোহান্স জুত ঋণ চুক্তিতে সই করেন।

শর্ত মোতাবেক প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ এই অর্থ পেয়েছে এবং এর মাধ্যমে প্রায় দুই কোটি ছেলে মেয়ে সুবিধা পাবেন।

এ বিষয়ে জোহান্স জুত বলেন, বাংলাদেশ সরকার সফল ভাবে আজ প্রায় প্রত্যেক ছেলেমেয়েকে স্কুলে নিয়ে এসেছে। বিশ্ব ব্যাংকসহ দাতা সংস্থাগুলো একাজে বাংলাদেশের পাশে থেকেছে।

এ সময় মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ। এই কর্মসূচি বলে দেয়, বাংলাদেশ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।