প্রাণ ডেইরি খামারিদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক
প্রাণ ডেইরির সঙ্গে চুক্তিবদ্ধ খামারিদের গাভী ক্রয় শেড স্থাপনসহ খামার ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সহজ শর্তে ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল পূর্বাণীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লি. এর সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের এ সংক্রান্ত এক সমঝোতা চুক্তি সই হয়।
চুক্তি সই করেন প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আতিউর রহমান বলেন, প্রায় সময় পত্র-পত্রিকায় দেখা যায় উত্তরাঞ্চলের খামারিরা দুধের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ঋণ সহায়তাপ্রাপ্ত খামারিদের দুধ প্রাণ গ্রুপ কিনতে বাধ্য থাকবে বিধায় তারা দুধের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে না।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে মফস্বলে কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের জন্য সহজ শর্তে স্বল্প ব্যয়ের একটি পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে। এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে ১০ শতাংশ সুদে ৩৭টি কৃষিজাত পণ্যে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে ঋণ প্রদান করা হচ্ছে। যেখানে দুগ্ধ ও ডেইরি শিল্প রয়েছে। ব্যাংকগুলো এ দুটি খাতে পুনঃঅর্থায়নের জন্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারে।
অনুষ্ঠানে উজমা চৌধুরী বলেন, প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের গাভী ক্রয়, মিল্কিং মেশিন, চপার মেশিনসহ খামার ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে ঋণ প্রদান করা হবে।
প্রথমবারের মতো ১০০ খামারিকে এ ঋণ সহযোগিতা করা হবে। ঋণের পরিমাণ হবে এক লাখ থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। পর্যায়ক্রমে প্রাণ ডেইরির সঙ্গে চুক্তিবদ্ধ অন্যান্য খামারিদেরও এ ঋণ সহযোগিতা করা হবে।
তিনি বলেন, নাটোর, পাবনা ও রংপুরে তিনটি ডেইরি ‘হাব’ এর অধীনে ৯ হাজারের অধিক রেজিস্ট্রার্ড দুগ্ধ খামারির ১৬ হাজার গবাদি পশু রয়েছ। প্রাণ ডেইরি এসব গবাদি পশুর লালন পালন ব্যবস্থা, টিকা, চিকিৎসা সেবাসহ খামার স্থাপনবিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে।
এসময় ওবায়েদ উল্লাহ আল মাসুম বলেন, দেশের কৃষি, শিল্প ও অন্যান্য সম্ভাবনা খাতে ঋণ সহায়তা প্রদান করে কর্মসংস্থান ব্যাংক। দেশের দুগ্ধ শিল্পে যেসব প্রতিষ্ঠান কাজ করছে প্রাণ ডেইরি তাদের মধ্যে অন্যতম। প্রাণ ডেইরির তালিকা অনুযায়ী খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। ঋণ পরিশোধের সময়সীমা থাকবে এক থেকে পাঁচ বছর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্মস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আখতার জামিল, প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, চিফ ডেইরি এক্সটেনশন ডা. রাকিবুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া ম্যানেজার কে এম জিয়াউল হকসহ প্রাণ ও কর্মসংস্থান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআই/বিএ/এমএস