এডিপির সঠিক বাস্তবায়ন হলে দেশ পাল্টে যেতো : পরিকল্পনামন্ত্রী
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সঠিক ভাবে বাস্তবায়ন হলে দেশের চেহেরা পাল্টে যেতো বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
রোববার পরিকল্পনা কমিশনে প্রকল্পের প্রভাব মূল্যায়ন ও নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনীতি করি বেহেশতে যেতে। তাই আমাকে আপনারা অন্যায় করে বেহেশতে যেতে বাধার মধ্যে ফেলবেন না।
তিনি আরো বলেন, এক লাখ কোটি টাকার এডিপি বাস্তবায়ন হলে এক বছরে তিন বছরের উন্নয়ন সম্ভব। কিন্তু সেটি হয়না। প্রধানমন্ত্রী বলার পরও কংক্রিটের রাস্তা করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না। আমি বুঝি।
কামাল বলেন, সততা ও নিষ্ঠা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে। আপনাদের কমিশনের বৈঠকে ডেকে অনেক সময় পাওয়া যায়না। কিন্তু এমনটি ভবিষ্যতে হলে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেবো।কর্মশালায় ১৫টি সমাপ্ত প্রকল্প ও ১১টি চলমান প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মেজবাহ উদ্দিন, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/এসকেডি/এমএস