সংস্কার হবে এফবিসিসিআই : মাতলুব
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম দায়িত্ব হবে এফবিসিসিআইকে সংস্কার করা। এ কাজটি দেশের ব্যবসায়ী সমাজ যেভাবে চাইবে ঠিক সেভাবেই করা হবে। সোমবার ১ জুন নতুন কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ নেয়া হবে। রোববার দয়িত্ব গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এসব কথা বলেন।
তিনি বলেন, সরাসরি ভোটের মাধ্যমে এফবিসিসিআিই এর সভাপতি, প্রথম সহ সভাপতিসহ সম্পূর্ণ পর্ষদ গঠন করার পক্ষে সব সময় আমি ছিলাম। এ নিয়ে আমি অতীতে ফেডারেশন ভবনে অনশন করেছি। সরাসরি নির্বাচনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে প্রথম বোর্ড সভায় বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে। আমি আশা করি সরকার আমাদের পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবে।
মাতলুব আহমাদ বলেন, ব্যাংক সুদের হার কমিয়ে আনা আমার অন্যতম প্রধান কাজ। এরপরই দেশের জেলায় জেলায় শিল্পায়নের কাজে হাত দেয়া। এ লক্ষ্যে প্রথম বছর দেশের ৬৪ জেলায় একজন নারীসহ তিন জন করে নতুন শিল্প উদ্যোক্তা তৈরী করা হবে। দ্বিতীয় বছর ৯ জন করে উদ্যোক্তা তৈরী করা হবে। এসব উদ্যোক্তাদের নিজের শুধু জমি ও সামন্য পুঁজি থাকলেই চলবে। সার্বিক সহযোগিতা এফবিসিসিআই করবে।
গণমাধ্যমকর্মীদের জন্য এফবিসিসিআিই ভবনে একটি মিডিয়া সেন্টার করা হবে। এ মিডিয়া সেন্টারের মাধ্যমে দেশ বিদেশে এফবিসিসিআিইয়ের সকল কার্যক্রম তুলে ধরা হবে। পাশাপাশি সংগঠনের সমসাময়িক যাবতীয় কার্যক্রম মিডিয়া সেন্টারের মাধ্যমে জানানো হবে।
এছাড়াও কার্যকরী সদস্যদের জন্য সারাদেশে যাতায়াতের সুবিধার্থে কারপুলের ব্যবস্থা করা হবে।এর মাধ্যমে সল্পমূল্যে সদস্যরা গাড়ী ব্যবহার করতে পারবে।
ভ্যাট হার নির্ধারন সম্পর্কে তিনি বলেন, সহনশীল ভ্যাট, ট্যাক্স ও শুল্ক হার নির্ধারনের লক্ষ্যে সরকারের সঙ্গে যাবাতীয় আলোচনা করা হবে। আমাদের প্রত্যাশা সরকার এমন করনীতি নির্ধারন করবে যাতে ছোট বড় সব ব্যবসায়ী উপকৃত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন এই সভাপতি বলেন, ভারত বাংলাদেশ বাণিজ্যিক সমস্যা নিয়ে ইতোমধ্যে আমরা আলোচনা করেছি। তারা বাংলাদেশি পণ্য ভারতের বাজারে বিনা বাধায় প্রবেশের আশ্বাস দিয়েছেন।
রাজশাহীর হরিয়ে যাওয়া সিল্কের বিষয়ে তিনি বলেন, রাজশাহীর হারিয়ে যাওয়া সিল্কের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এ বিষয়ে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, নতুন প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফসহ নতুন পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআই/এআরএস/এমএস