এসএমই নারী উদ্যোক্তাদের জন্য থোক বরাদ্দের দাবি


প্রকাশিত: ০১:৫০ পিএম, ০২ জুন ২০১৫
ফাইল ছবি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের  নারী উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যার সমাধানে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির নেতারা। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়ালের নেতৃত্বে এক প্রতিনিধিদল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ দাবি জানান।

বৈঠকে সংগঠনের বর্তমান সভাপতি শাহরুক রহমান, মহাসচিব ইমরানা শহিদুল্লাহসহ অন্য নেতা এবং শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশে ইতোমধ্যে অনেক আলোকিত নারী উদ্যোক্তা তৈরি হলেও অর্থায়নের অভাবে নারীদের শিল্প উদ্যোগ ব্যাহত হচ্ছে। তারা নারী উদ্যোক্তা সমিতি পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের প্রসারে সরকারের সহায়তা কামনা করেন।
 
বৈঠকে সংগঠনের নেতারা নারী উদ্যোক্তা সৃষ্টিতে মহিলা উদ্যোক্তা সমিতির অবদান সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। তারা বলেন, এ সংগঠনের পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে অসংখ্য নারী এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের উৎপাদিত পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রফতানি হচ্ছে। বর্তমানে বাংলাদেশি নারী উদ্যোক্তারা বিদেশে মেলাসহ বিভিন্ন ইভেন্টে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলে তারা জানান।
 
শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। এসএমই নারী উদ্যোক্তাদের অর্থায়ন সমস্যা সমাধানে সরকার ইতোমধ্যে বন্ধকী ছাড়াই এক অংকের সুদে শিল্প ঋণের ব্যবস্থা করেছে। এর পরিমাণ আরো বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন। নারী এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ বাড়াতে থোক বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
 
এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।