ইউজিসির চেয়ারম্যান হলেন অধ্যাপক মান্নান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দ্বাদশ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক মান্নানকে চার বছরের জন্য এ পদে নিয়োগের আদেশ জারি করে।
বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন অধ্যাপক মান্নান। ২০১১ সালে প্রতিমন্ত্রী পদমর্যাদায় ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পান অধ্যাপক আজাদ। বৃহস্পতিবার তার মেয়াদ শেষ হচ্ছে।
১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পরের বছর প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে যোগ দেন আবদুল মান্নান। হাটহাজারির সন্তান অধ্যাপক মান্নান ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত চবির সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য ছিলেন।
১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।
বিএ/আরআই