কাল শুরু বইমেলা, স্টল সাজাতে ব্যস্ত কর্মীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ছবি: জাগো নিউজ

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা শুরুর আগের দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যস্ততা। বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্মীরা স্টল সাজানো, বই গোছানো ও ব্যানার-ফেস্টুন টানানোর কাজে সময় পার করছেন।

২৫ ফেব্রুয়ারি সকালে উদ্যান ঘুরে দেখা যায়, মেলার মূল ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে তৈরি করা হয়েছে সারিবদ্ধ স্টল। কোথাও কাঠের কাঠামোয় রঙের শেষ প্রলেপ, কোথাও বইয়ের তাক বসানো, আবার কোথাও নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের প্রস্তুতি চলছে। 

স্টলগুলোর সামনে টানানো হয়েছে প্রকাশনীর নামফলক ও আলোকসজ্জা। কর্মীরা বইয়ের প্যাকেট খুলে শেলফে সাজিয়ে রাখছেন নতুন ও পুরোনো বই। শিশু-কিশোর কর্নার, গবেষণাধর্মী বই, কথাসাহিত্য ও কবিতার বই আলাদা করে প্রদর্শনের প্রস্তুতিও চলছে। 

fair

মেলা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করছেন। দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে আগেই।

রমনা কালী মন্দির সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম, র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের অস্থায়ী ক্যাম্প এবং আনসার প্লাটুনের নিয়ন্ত্রণ কক্ষ। এর পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ব্রেস্টফিডিং (মাতৃদুগ্ধ পান) কর্নার স্থাপন করেছে।

এর আগে গতকাল অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন বিষয়ে মেলার সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ২টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দেবেন।

fair

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এদিকে ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এবারের বইমেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি, মোট ইউনিট থাকবে ১ হাজার ১৮টি।

এফএআর/এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।