ঢাকা-১৮
৩৩ হাজার ভোট বেশি পেয়ে জয়ী বিএনপির এস এম জাহাঙ্গীর
ঢাকা-১৮ আসনে এক লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৫৫ ভোট। ফলে ৩৩ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী এ তথ্য জানা গেছে।
ঢাকা-১৮ আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ৭৭২টি, যার মধ্যে বৈধ ভোট ২ লাখ ৬৯ হাজার ৯৮৯টি এবং বাতিল ভোট ৪ হাজার ৭৮৩টি। এ আসনে ভোটের হার ছিল ৪৪ দশমিক ৭৬ শতাংশ। পুরো আসনে মোট ২১৯টি ভোটকেন্দ্র ছিল।
ফলাফলে দেখা যায়, অন্য প্রার্থীদের মধ্যে নির্বাচন থেকে সরে যাওয়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে পেয়েছেন ৩৫০ ভোট। আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সামিনা জাবেদ পেয়েছেন ৩০১ ভোট।
হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৭২৭ ভোট, হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন পেয়েছেন ৯৩০ ভোট, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৪৭ ভোট।
এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫৫৭ ভোট, রেলইঞ্জিন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার (রনি) পেয়েছেন ৩ হাজার ২০৫ ভোট এবং মই প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সৈয়দ হারুন-অর রশীদ পেয়েছেন ২৬০ ভোট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন।
এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫০ জন, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।
ইএইচটি/এমএএইচ/