এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০২ মার্চ ২০২৬
বিদেশি নাগরিকদের নিয়ে এবারের ‘ইত্যাদি’তেও থাকছে বিশেষ পর্ব। ছবি: হানিফ সংকেতের ফেসবুক থেকে

ঈদের বিশেষ আয়োজন মানেই দর্শকের বাড়তি আগ্রহ। আর সেই তালিকায় শীর্ষে থাকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব, যা দীর্ঘদিন ধরেই দর্শকদের অন্যতম আকর্ষণ।

প্রায় তিন দশক ধরে বিদেশিদের মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরছেন বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত। বিনোদনের পাশাপাশি এই পর্ব বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির বার্তা। গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র, সামাজিক অসঙ্গতি ও কুসংস্কার-সবই ফুটে ওঠে বিদেশিদের প্রাণবন্ত অভিনয়ে।

এবারের আয়োজনে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশতাধিক নাগরিক। তারা বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আত্মস্বার্থ ও সুবিধাবাদী মানসিকতার মানুষের নেতিবাচক প্রভাবকে উপজীব্য করে নির্মিত হয়েছে এবারের বিদেশি পর্ব।

শুধু নাট্যাংশ নয়, থাকছে বিষয়ভিত্তিক গান ও নৃত্যও। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। সংগীত পরিচালনায় রয়েছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় মামুন।

এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিকবিদেশি নাগরিকদের নিয়ে এবারের ‘ইত্যাদি’তেও থাকছে বিশেষ পর্ব। ছবি: হানিফ সংকেতের ফেসবুক থেকে

বিদেশিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে হানিফ সংকেত বলেন, তারা অপেশাদার হলেও নিষ্ঠা ও সময়জ্ঞান পেশাদার শিল্পীদের জন্যও শিক্ষণীয়। অল্প কয়েকটি বাংলা শব্দ আয়ত্তে আনতে যে পরিমাণ মহড়া তারা করেন, তা সত্যিই প্রশংসনীয়। অল্প সময়ের মধ্যেই তাদের সঙ্গে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়, তা ভোলার নয় বলেও জানান তিনি।

আরও পড়ুন:
মধ্যপ্রাচ্যের যুদ্ধে আটকা পড়েছেন শাকিবের নায়িকা, পোস্টে যা লিখলেন 
ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অনুপস্থিত জাহের আলভী 

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।