নীপার নৃত্যনাট্য


প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

মিয়ানমারের ভাইস প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সম্মানে একটি নৃত্যনাট্য পরিবেশন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী শামীম আরা নীপা। মঙ্গলবার মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট নিয়ান তুন এক দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওস্থ ন্যাম সম্মেলন কেন্দ্রে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে নীপার `বাঁদি-বান্দার রূপকথা` শিরোনামের নৃত্যনাট্য পরিবেশিত হবে।

এ সম্পর্কে শামীম আরা নীপা বলেন, `মিয়ানমার আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। এই দেশটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আমাদের দেশে অতিথি হয়ে আসছেন জেনে আমার খুব ভালো লেগেছে। তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে নৃত্যনাট্য পরিবেশনের প্রস্তাব দিলে আমি সানন্দে সম্মতি জ্ঞাপন করি। এখানে নৃত্যনাট্যে অংশগ্রহণ করতে যাচ্ছি ভেবে সম্মানিত বোধ করছি। এই নৃত্যনাট্যের মাধ্যমে আমি মহান এই অতিথিকে আনন্দ দিতে পারব বলে আশা করি।`

`আলী বাবা চলি্লশ চোর` ঘটনা অবলম্বনে শামীম আরা নীপার এই নৃত্যনাট্যটি নেয়া হয়েছে। বিশ্ববিখ্যাত আরব্য রজনীর অন্যতম এই উপাখ্যানের নৃত্যনাট্যের নাম দেয়া হয়েছে `বাঁদি-বান্দার রূপকথা`। এটি পরিচালনা করবেন সুকল্যাণ ভট্টাচার্য। এই নৃত্যনাট্যে সঙ্গীত পরিবেশন করবেন নচিকেতা, শ্রীকান্ত আচার্য, অন্বেষা, মনোময় এবং লোপা মুদ্রা। এটির সঙ্গীত পরিচালনা করবেন জয় সরকার। নৃত্যনাট্যটি যৌথভাবে পরিবেশন করছে সৃষ্টি কালচারাল সেন্টার এবং শামীম আরা নীপার নাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান `নৃত্যাঞ্চল`।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।