বোম্বে ভেলভেটে বিরাট-আনুশকা জুটি
তারা দুজন কাছাকাছি, পাশাপাশি মানেই শিরোনাম! এমন জুটিকে রুপালি পর্দায় পেতে কোন পরিচালক না চাইবেন? চাইলেই তো আর সব মেলে না। অনুরাগ ক্যাশপ সেই অসাধ্য সাধনই করে বসলেন। তার আসন্ন ছবি বোম্বে ভেলভেটে বিরাট কোহলি আর আনুশকা শর্মা একসঙ্গে কাজ করেছেন।
কীভাবে অফ-স্ত্রিন জুটিকে অন-স্কিনে আনলেন? বোম্বে ভেলভেট-এর নায়ক তো রনবীর কাপুর। তাহলে বিরাটকে কোন ভূমিকায় দেখা যাবে? না, অনুরাগ মুখ খোলেননি। তবে গোপন সূত্রের খবর, রুপালি পর্দায়ও বিরাট ক্রিকেটার হিসেবে আবির্ভূত হবেন। তবে ছবির জ্যাজ সিঙ্গার রোজি ওরফে আনুশকার সঙ্গে বিরাটের দেখা হবে জীবনের কোনো এক মোড়ে। ১৯৬০ এর এই নাইটক্লাবের জ্যাজ সিঙ্গার স্বপ্ন দেখত, চাইত সিনেমার দুনিয়ায় পা রাখতে। কিন্তু বাস্তবের রুক্ষ জমিতে স্বপ্ন আর বাস্তবের যে সংঘাত, জীবনের যে টানাপোড়েন তা পেরিয়ে কীভাবে রোজি নিজের অস্তিত্ব রক্ষা করবে, কাহিনীতে প্রতিফলিত হয়েছে সেটা।
দেখানো হবে আরেকটি চরিত্রও। সড়ক থেকে উঠে আসা এক বক্সার। যার জীবনেও বাস্তব আর স্বপ্নে বিবাদ ঘটেছে। এ চরিত্রে অভিনয় করছেন রনবীর। তবে আনুশকার সঙ্গে বিরাটও থাকবেন বেশ কয়েকটি দৃশ্যে। লেডি-লাভের সঙ্গে বলিউডে এই অভিষেকটা স্মরণীয় হয়ে থাকুক বিরাট মনে মনে চাইছেন। আর আনুশকা? তার টেনশন আরও বেশি। এমনিতে ছবি মুক্তির আগে ধকধক দিল সব নায়িকাদেরই হয়। কিন্তু আনুশকার হৃদয়ের ধুকপুকানি এবার আরও বেশি। বিরাটের জন্যই। আন্তর্জাতিক ক্রিকেটারের বাউন্ডারি পেরিয়ে, বিরাটের এই রুপালি দুনিয়ায় অভিষেক দর্শক কীভাবে নেবেন, সে প্রশ্নটা তাকে ভাবাচ্ছে।
এআরএস/আরআইপি